রবিবার ২৬ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ৬)
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তারা এটিকে গণতন্ত্র ও জবাবদিহিতার বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

গত ২৫ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। গত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন। আন্দোলনের নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন কর্মসূচিতে যোগ দিলে আন্দোলন আরও জোরালো হয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ইনস্টাগ্রামে সাংবাদিক ফে ডি'সুজার পোস্টে হাততালি, উদযাপন ও রেড হার্টের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

গায়ক আরমান মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘যুবসমাজের শক্তি।’

আন্দোলনে শুরু থেকেই সরব থাকা অভিনেতা প্রকাশ রাজ লেখেন, ‘অভিনন্দন আমার প্রিয় ককরোচরা, প্রিয় সোনম ওয়াংচুক স্যার এবং তরুণদের পাশে দাঁড়ানো প্রত্যেককে। আপনারা প্রমাণ করেছেন, একটি সরকারকেও নতজানু করা যায়।’

অভিনেতা বিজয় ভার্মা ইনস্টাগ্রামে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার জনপ্রিয় গান থেকে উদ্ধৃত করে লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ… দুয়াওঁ মে ইয়াদ রাখনা।’

অভিনেত্রী তিলোত্তমা সোম লেখেন, ‘ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তরুণদের নেতৃত্বে এই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তরুণদের যৌবন নষ্ট হয়—এ ধরনের প্রচলিত ধারণার এখন অবসান হওয়া উচিত। ভারতের তরুণদের ধন্যবাদ।’

অভিনেতা-নির্মাতা রাহুল রবীন্দ্রন বলেন, কোনো ব্যক্তির চাকরি হারানো উদযাপনের বিষয় নয়। তবে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিদের বারবার ব্যর্থতা ও অদক্ষতার জন্য জবাবদিহির মুখোমুখি হওয়া জরুরি। 

তিনি আরও বলেন, দেশে ১০ লাখ শিক্ষক পদ শূন্য রয়েছে, বহু গ্রামীণ স্কুলে একজন কার্যকর শিক্ষকও নেই, অনেক স্কুলে শিশুদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থাও নেই। একই সঙ্গে তিনি প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান।

মুম্বাইয়ে আন্দোলনের সমর্থনে অংশ নেওয়া অভিনেতা মানভ কৌল লেখেন, ‘আমি তোমাদের ভালোবাসি, যুবসমাজ। এই দেশ এখন তোমাদের হাতে। অনেক অনেক অভিনন্দন। জয় হিন্দ।’

অভিনেতা ইশান খাট্টার ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখা একটি পোস্টার হাতে নিজের ছবি শেয়ার করে লেখেন, ‘আজ ভারত জিতেছে। আজ গণতন্ত্র জিতেছে। আমি এই ভারতের জন্য গর্বিত। মা তোকে সালাম।’

অভিনেত্রী আদিতি রাও হায়দারিও ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। গত ২০ জুলাই আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে সংসদের দিকে পদযাত্রা করলে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

এর কয়েক দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নিট প্রশ্নফাঁস মামলার সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।

পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধর্মেন্দ্র প্রধান লেখেন, ভারতের যুবশক্তিই দেশের প্রকৃত শক্তি। দেশের তরুণদের বিভ্রান্তির চক্রে আটকে পড়তে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি বলেন, যন্তর মন্তরের পরিস্থিতিকে কেন্দ্র করে দেশবিরোধী শক্তি যেন সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকতে হবে এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়। এসব বিষয় বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft