মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম)-এর ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স ইনস্টিটিউট (আইআইআইবিএফ) থেকে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মাদারীপুর জেলার কৃতি সন্তান আলমগীর চৌধুরী আকাশ।
তার গবেষণার বিষয় ছিল "ইসলামী ব্যাংকিং শিল্পে ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম (Risk Management Practices in the Islamic Banking Industry)"। গবেষণায় তিনি ইসলামী ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক, বিদ্যমান চ্যালেঞ্জ এবং কার্যকর বাস্তবায়নের কৌশল নিয়ে বিশদ বিশ্লেষণ করেছেন। পিএইচডি গবেষণাকালীন সময়ে তার একাধিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক মানের জার্নাল ও আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত হয়েছে, যা তাকে গবেষক হিসেবে প্রশংসা ও স্বীকৃতি এনে দেয়।
তার গবেষণা সম্পন্ন হয়েছে আইআইইউএম-এর অধ্যাপক ও আইআইআইবিএফ-এর ডিন প্রফেসর ড. রোমজি বিন রোসমান এবং ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আইএফএসবি)-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. আবেদীন আদেমি আদেওয়ালে-এর তত্ত্বাবধানে।
আলমগীর চৌধুরী আকাশ মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রামের চৌধুরী পরিবারের সন্তান। চার ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
শৈশব থেকেই তিনি একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। তার শিক্ষাজীবনের সূচনা মাদারীপুরের জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে ঢাকার ধানমন্ডি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
উচ্চশিক্ষায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ঢাকা কলেজ থেকে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। এরপর মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনেও আলমগীর চৌধুরী আকাশ গবেষণা ও উচ্চশিক্ষার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আইএফএসবি)-এ প্রায় দুই বছর তিন মাস রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আইআইইউএম-এর ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স ইনস্টিটিউট (আইআইআইবিএফ)-এ গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Graduate Research Assistant) হিসেবে গবেষণা কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম)-এ খণ্ডকালীন প্রভাষক (পার্ট-টাইম লেকচারার) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পোস্টগ্র্যাজুয়েট স্টুডেন্টস সোসাইটি (পিজিএসএস)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইয়ুথ কমিটি মালয়েশিয়া (এফআইওয়াইসি)-এর কেন্দ্রীয় কমিটির একমাত্র আন্তর্জাতিক নির্বাচিত প্রতিনিধি ও গবেষণা প্রধান (হেড অব রিসার্চ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)-এর একজন লিডারশিপ গ্র্যাজুয়েট এবং পিপলস সেভ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
নিজের এই অর্জনের প্রতিক্রিয়ায় আলমগীর চৌধুরী আকাশ মহান আল্লাহ তাআলার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার বাবা-মা, শিক্ষক, গবেষণা-তত্ত্বাবধায়ক, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা এবং নিরন্তর সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, অর্জিত জ্ঞান, গবেষণা এবং অভিজ্ঞতাকে দেশের উন্নয়ন, ইসলামী ব্যাংকিং ও আর্থিক খাতের বিকাশ এবং সমাজের কল্যাণে কাজে লাগাতে চান। ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির জন্য অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আজকালের খবর/ এমকে