যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর আয়োজনে আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ১৭তম সাংস্কৃতিক উৎসব। মিশিগানের ওয়ারেন শহরের সিটি হল স্কয়ারে আয়োজিত এ উৎসবে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, বাংলা র্যাপ শিল্পী মোজা, রেশমি মির্জা ও বাউল কালা মিয়াসহ আরও অনেকে।
উৎসব উপলক্ষে শনিবার (১৯ জুলাই) ওয়ারেন শহরে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন বামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমান। এ সময় সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী, সুমন কবির ও শারমিন তানিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও অবদানকে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে দর্শনার্থীদের জন্য খাবার, বিনোদন এবং নিউইয়র্ক, পেনসিলভেনিয়া ও ইলিনয় থেকে আসা জনপ্রিয় পোশাকের স্টলসহ মোট ৬০টি বিভিন্ন ধরনের স্টল থাকবে।
আয়োজকরা আরও জানান, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, সেক্রেটারি অব স্টেট, লেফটেন্যান্ট গভর্নর, সিটি মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন। দর্শনার্থীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে ওয়ারেন সিটি পুলিশ প্রশাসন।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলা গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে উৎসবের খবর পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
আজকালের খবর/এমকে