বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফোরকান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেরায়েত হোসেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশীদ শাইন, মহাসচিব কামরুল ইসলাম, সহসভাপতি হাসান সরদার জুয়েলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যারা নালা-নর্দমা ও খাল দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাতকানিয়া, চকরিয়া ও বন্যাকবলিত অন্যান্য নিচু এলাকার মানুষের পাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আজকালের খবর/ এমকে