রবিবার ১২ জুলাই ২০২৬
১০১ বছরে পা রাখলেন মাহাথির, রোববার শতবর্ষে পা দিচ্ছেন ড. সিতি হাসমাহ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ১৯)
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাষ্ট্রনায়ক তুন ড. মাহাথির মোহাম্মদ ১০ জুলাই ১০১তম জন্মদিন উদযাপন করছেন। আর তার সহধর্মিণী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আগামী রোববার (১২ জুলাই) শতবর্ষে পদার্পণ করবেন।

বিশেষ এই দিনটি উপলক্ষে মাহাথিরের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @chedetofficial-এ তার প্রতিকৃতিসহ সোনালি রঙের ‘১০১’ সংখ্যা এবং #Mahathir101 হ্যাশট্যাগযুক্ত একটি বিশেষ পোস্টার প্রকাশ করা হয়। ‘#Mahathir101 10 July’ শিরোনামের সংক্ষিপ্ত পোস্টটি ইতোমধ্যে হাজারো মানুষের শুভেচ্ছা ও দোয়ার বার্তায় সাড়া ফেলেছে। 

১৯২৫ সালের ১০ জুলাই কেদাহ রাজ্যের আলোর সেতারের কাম্পুং সেবেরাং পেরাকে জন্মগ্রহণ করেন মাহাথির মোহাম্মদ। তিনি ছিলেন নয় ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ। সুলতান আবদুল হামিদ কলেজে পড়াশোনা শেষে ১৯৪৭ সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে চিকিৎসাবিদ্যায় ভর্তি হন।

১৯৫৩ সালে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে তিনি আলোর সেতার জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নিজ শহরে ‘ক্লিনিক মাহা’ নামে একটি ব্যক্তিগত ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

রাজনীতিতে যোগ দিয়ে মাহাথির ১৯৮১ সালের ১৬ জুলাই মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টানা ২২ বছর দায়িত্ব পালন করে ২০০৩ সালে পদত্যাগ করেন, যা তাকে দেশটির ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে।

তার নেতৃত্বে মালয়েশিয়ায় দ্রুত শিল্পায়ন ও আধুনিকায়নের সূচনা হয়। তার আমলেই নির্মিত হয় পেট্রোনাস টুইন টাওয়ার, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) এবং মাল্টিমিডিয়া সুপার করিডোর (এমএসসি)। পাশাপাশি ভিশন ২০২০-এর মাধ্যমে উন্নত মালয়েশিয়া গঠনের রূপরেখা ঘোষণা করেন এবং জাতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের জন্য তিনি ‘মালয়েশিয়ার আধুনিকায়নের জনক’ হিসেবে পরিচিত।

২০০৩ সালে অবসর নেওয়ার পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে পাকাতান হারাপান জোটের নেতৃত্ব দিয়ে আবারও ক্ষমতায় ফিরে আসেন মাহাথির। ৯২ বছর বয়সে তিনি মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান হওয়ার নজির গড়েন। তার দ্বিতীয় মেয়াদ ২০২০ সালে শেষ হয়।

দুই দফায় ১৯৮১ থেকে ২০০৩ এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট প্রায় ২৪ বছর তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এদিকে, মাহাথিরের সহধর্মিণী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আগামী রোববার (১২ জুলাই) ১০০ বছরে পদার্পণ করবেন।

১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গরের ক্লাংয়ের কাম্পুং জাওয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তিনিও সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন এবং সে সময় তার ব্যাচের একমাত্র মালয় নারী শিক্ষার্থী ছিলেন।

এই শিক্ষাপ্রতিষ্ঠানেই মাহাথিরের সঙ্গে তার পরিচয় হয়। পরে ১৯৫৬ সালের ৪ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে সাত সন্তান রয়েছে।

ড. সিতি হাসমাহ দীর্ঘদিন জনস্বাস্থ্য খাতে, বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৬৫ সালে তিনি মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগে প্রথম নারী মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পান। পরে ১৯৭৪ সালে মালয়েশিয়ার ইতিহাসে প্রথম নারী হিসেবে রাজ্য মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মকর্তা (স্টেট ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ অফিসার) পদেও দায়িত্ব পালন করেন।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft