‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরে মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে কোস্ট গার্ডের আওতাধীন দেশের সকল জোন, স্টেশন ও আউটপোস্টে সমন্বিতভাবে এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেই কোস্ট গার্ড এই উদ্যোগ নিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সমুদ্র ও উপকূলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণও কোস্ট গার্ডের জাতীয় দায়িত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। এই কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব