সোমবার ৬ জুলাই ২০২৬
বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের আশপাশ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৫৭ এএম   (ভিজিট : ১৮)
বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর থেকে নিষিদ্ধ আকাশসীমায় অবৈধভাবে ড্রোন ওড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬০০টিরও বেশি ড্রোন জব্দ করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি জানিয়েছে, ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুর আশপাশে এসব ড্রোন উড়ানো হচ্ছিল, যা অস্থায়ী উড়ান-নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল।

এফবিআই জানায়, স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদিত অপারেটরদের সঙ্গে সমন্বয় করে বিশ্বকাপের ম্যাচ ভেন্যু এবং ফ্যান ফেস্ট এলাকায় ড্রোন তৎপরতার ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আকাশসীমা নিয়ন্ত্রণ করে এবং ড্রোন পরিচালনাকারীদের সংশ্লিষ্ট বিধিনিষেধ মেনে চলার দায়িত্ব তাদের নিজেদের। অধিকাংশ বিধি লঙ্ঘনের ঘটনায় জরিমানা আরোপের পাশাপাশি ড্রোন জব্দ করা হয়েছে।

এনবিসি নিউজ–এর তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিশ্বকাপকে কেন্দ্র করে ড্রোনবিরোধী নিরাপত্তা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে এফবিআই।

শুধু কানসাস সিটিতেই বিশ্বকাপ-সংক্রান্ত অনুষ্ঠানের বাইরে এখন পর্যন্ত ৩২টি ড্রোন জব্দ করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি আর. ম্যাথিউ প্রাইস বলেন, "নিষিদ্ধ আকাশসীমায় ড্রোন ওড়ানো শুধু অবৈধ নয়, এটি অত্যন্ত বিপজ্জনকও। আমাদের কমিউনিটি এবং বিশ্বকাপ দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আকাশকে ড্রোনমুক্ত রাখতে বদ্ধপরিকর। কেউ নিয়ম ভঙ্গ করলে তা কর্তৃপক্ষকে জানান। আর অবৈধভাবে ড্রোন ওড়ানোর আগে দু'বার ভাবুন—আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিচার বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে।"

এদিকে, জুনের মাঝামাঝি ডালাসে বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালে এটিঅ্যান্ডটি স্টেডিয়াম–এর নিষিদ্ধ আকাশসীমায় নিবন্ধনবিহীন ড্রোন ওড়ানোর অভিযোগে হন্ডুরাসের নাগরিক ৩৩ বছর বয়সী লুইস মরিসিও ফ্লোরেস অর্ডোনেজের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তিনি একটি নিবন্ধনবিহীন ডিজেআই মিনি ৩ প্রো ড্রোন ব্যবহার করে ম্যাচ চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় উড়ান পরিচালনা করেন। এফবিআই কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনটি শনাক্ত করে এবং টাস্কফোর্সের সদস্যরা ড্রোন পরিচালনাকারীকে চিহ্নিত করেন। বর্তমানে বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি আটক রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বিশ্বকাপ ম্যাচের তিন ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট স্টেডিয়ামের আকাশসীমায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকে। ম্যাচ শেষ হওয়ার পর আরও তিন ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft