২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জমজমাট এক লড়াইয়ের অপেক্ষা করছে ফুটবল বিশ্ব। বুধবার (১ জুলাই) দিবাগত রাত ২টায় সিয়াটল স্টেডিয়ামে ইউরোপের শক্তিশালী দল বেলজিয়াম মুখোমুখি হবে আফ্রিকার অন্যতম সেরা দল সেনেগালের।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠলেও বেলজিয়ামের পারফরম্যান্স নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে, শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে সেনেগাল। ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই দল মুখোমুখি হচ্ছে।
গ্রুপ পর্বে শুরুটা ছিল হতাশাজনক বেলজিয়ামের জন্য। প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ১-১ ড্র এবং দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা চাপের মুখে পড়ে। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় রুদি গার্সিয়ার দল। পাঁচ পয়েন্ট ও ছয় গোল করে গ্রুপসেরা হিসেবেই নকআউটে জায়গা করে নেয় বেলজিয়াম।
২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া এবং ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা বেলজিয়াম ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ফলে নতুন প্রজন্মের এই দলের জন্য সেনেগালের বিপক্ষে জয় পাওয়া হবে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।
অন্যদিকে, সেনেগালের যাত্রা ছিল নাটকীয়। ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে টানা দুই হারের পর নকআউট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল দলটি। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা পরবর্তী পর্বে জায়গা করে নেয়। সেই জয়ের মাধ্যমে বিশ্বকাপে এক ম্যাচে পাঁচ গোল করা প্রথম আফ্রিকান দল হিসেবেও ইতিহাস গড়ে সেনেগাল।
রক্ষণভাগের দুর্বলতা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও আক্রমণে ভরসা রাখছে আফ্রিকার এই দল। তাদের নেতৃত্বে আছেন অভিজ্ঞ সাদিও মানে। মাঝমাঠ ও আক্রমণে সার ও অন্যান্য খেলোয়াড়রা ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম।
বেলজিয়ামের আক্রমণভাগেও রয়েছে তারকা শক্তি। কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু ও লিয়ান্দ্রো ত্রোসার্ড যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। গোলপোস্টে থাকবেন অভিজ্ঞ থিবো কোর্তোয়া।
অন্যদিকে, সেনেগাল শিবিরে বড় ধাক্কা হিসেবে রয়েছে প্রথম পছন্দের গোলরক্ষক এদুয়ার মেন্ডির ইনজুরি। হাঁটুর চোটে তিনি ছিটকে যাওয়ায় দলে তৈরি হয়েছে শূন্যতা। পাশাপাশি ডিফেন্ডার কালিদু কুলিবালির একাদশে থাকা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আজকালের খবর/বিএস