বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে, এবার চোখ বিশ্বরেকর্ডে
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:০৮ এএম   (ভিজিট : ২০)
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই নিজের ভয়ংকর রূপ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে জিতিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন ফরাসি অধিনায়ক। একই সঙ্গে ব্যক্তিগত অর্জনেও ছুঁয়ে ফেলেছেন নতুন এক মাইলফলক।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৬-এ উন্নীত করেছেন এমবাপ্পে। এতে গোল্ডেন বুটের দৌড়ে তিনি লিওনেল মেসির পাশে উঠে এসেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার দৌড়েও এখন একেবারে দরজায় কড়া নাড়ছেন ২৭ বছর বয়সী এই ফরাসি তারকা।

সুইডেনের বিপক্ষে জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন।

এখন তার সামনে রয়েছেন শুধু লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বকাপে গোল ১৯টি। অর্থাৎ, মেসির সর্বকালের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র একটি গোল।

আরও বিস্ময়কর বিষয় হলো, মেসি যেখানে ২৯ ম্যাচে ১৯ গোল করেছেন, সেখানে এমবাপ্পে মাত্র ১৮ ম্যাচেই ১৮ গোল করে ম্যাচপ্রতি এক গোলের অবিশ্বাস্য গড় ধরে রেখেছেন। অবশ্য শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছেন মেসিও। ফলে দুই তারকার গোলযুদ্ধ আরও জমে ওঠার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সুইডেনের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে ওসমান ডেম্বেলের পাস থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর ৫৩ মিনিটে ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। ৭৪ মিনিটে মাইকেল অলিসের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ফরাসি অধিনায়ক।

এই জোড়া গোলের সুবাদে বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের নকআউট ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন।

আগামী ৪ জুলাই দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স।

আজকালের খবর/ এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft