উরুগুয়ের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর মার্সেলো বিয়েলসা জানিয়েছেন, তাঁর দেওয়া বার্তা দলের খেলোয়াড়দের কাছে কখনওই সেভাবে পৌঁছায়নি। মন্টিভিডিওতে দীর্ঘ বিদায়ী সংবাদ সম্মেলনে নিজের দায়িত্বকাল ও বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে খোলামেলা কথা বলেন আর্জেন্টাইন এই কোচ।
প্রায় ১০০ মিনিটের সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, তিনি নিশ্চিত যে তাঁর শেখানো বিষয়গুলো দল কখনও গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি। বিয়েলসা বলেন, 'আমি নিশ্চিতভাবে জানি, আমি যা জানি তা নিয়ে কারও আগ্রহ ছিল না। আমি বুঝতে পারি কখন কেউ আমার কথা গুরুত্ব দিয়ে শোনে। আমি যা বোঝাতে চেয়েছি, কোনও পর্যায়েই তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। এতে আমি কাউকে দোষ দিচ্ছি না, অন্যরা আমার জানা বিষয় শিখতে আগ্রহী নাও হতে পারে। বিষয়টি এখানেই শেষ।'
২০২৩ সালের মে মাসে উরুগুয়ের দায়িত্ব নিয়েছিলেন বিয়েলসা। তবে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর তিনি দায় এড়িয়ে যাননি। বিশ্বকাপে উরুগুয়ের অভিযান ছিল হতাশাজনক। গ্রুপ পর্বে তারা কোনও ম্যাচ জিততে পারেনি। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কেপ ভার্দের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা। শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জয় বা ড্র প্রয়োজন ছিল, কিন্তু গোলরক্ষকের ভুলে ১-০ ব্যবধানে হেরে বিদায় নেয় উরুগুয়ে।
তবে দলের পারফরম্যান্স নিয়ে ভিন্ন মত দেন মার্সেলো বিয়েলসা। তাঁর দাবি, ম্যাচগুলোর ফল অন্যরকমও হতে পারত। বিয়েলসা বলেন, 'গভীর ও যুক্তিসঙ্গত বিশ্লেষণ করলে কেউ বলতে পারবে না যে আমরা সৌদি আরবের বিপক্ষে জয়ের যোগ্য ছিলাম না, কেপ ভার্দের বিপক্ষেও জিততে পারতাম, আর স্পেনের বিপক্ষে ড্র করার সামর্থ্যও ছিল আমাদের।''
স্পেনের বিপক্ষে অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের পরও তাঁকে সমর্থন করেন বিয়েলসা। তিনি জানান, ম্যাচের আগে অসুস্থ ছিলেন মুসলেরা এবং ভুলের মানসিক চাপ সামলাতে না পেরে বিরতিতে বদলি হতে চেয়েছিলেন।
আজকালের খবর/কবির