বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং ভারতের নীল সীমানা ইমপেক্স প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশবন্ধু গ্রুপের পণ্যের উপস্থিতি আরও সুদৃঢ় হবে এবং নতুন বাজার সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।
সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই গ্রুপের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান এবং নীল সীমানা ইমপেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, নীল সীমানা ইমপেক্স প্রাইভেট লিমিটেড দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কাছ থেকে প্রতি মাসে প্রায় ৩০ ট্রাক বেভারেজ পণ্য আমদানি করবে। আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে ম্যাংগো ড্রিংক, লিচি ড্রিংক এবং এনার্জি ড্রিংকসহ বিভিন্ন পানীয় পণ্য। নীল সীমানা ইমপেক্স প্রাইভেট লিমিটেড ভারতের পশ্চিমবঙ্গ (ওয়েস্ট বেঙ্গল) অঞ্চলে দেশবন্ধুর এসব পণ্য বাজারজাত ও বিতরণ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, গ্রুপের উপদেষ্টা সারওয়ার জাহান তালুকদার, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, আবাসিক পরিচালক মঈনুল ইসলাম লাল এবং দেশবন্ধু গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রপ্তানি কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন- প্রতিষ্ঠানের সিওও ইদ্রিসুর রহমান। বাজার সম্প্রসারণ, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সমন্বয় এবং পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এ বিষয়ে ইদ্রিসুর রহমান বলেন, আমরা বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে দেশবন্ধুর পণ্য রপ্তানি করছি। আমাদের রপ্তানি কার্যক্রম আরও সম্প্রসারণ এবং নতুন নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীল সীমানা ইমপেক্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে এই চুক্তি আমাদের বৈশ্বিক বাজার সম্প্রসারণের যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, বাংলাদেশের উৎপাদিত মানসম্পন্ন পণ্যকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজকালের খবর/বিএস