ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে ফার্নেস অয়েলের দাম। প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা।
মঙ্গলবার (৩০ জুন) নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের গত ২২ ফেব্রুয়ারি জারি করা আদেশের অনুচ্ছেদ অনুযায়ী ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত সময়ে প্রকাশিত ফার্নেস অয়েলের প্লাটস রেটের গড় এবং মে-জুন মাসে আমদানি করা ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের এই নতুন মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য সাধারণ গ্রাহকদের জন্য বিপিসির সরবরাহ করা ফার্নেস অয়েলের দাম আগে ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। সেখান থেকে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে তা ১০৯ টাকা ১০ পয়সা করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ফার্নেস অয়েলের নতুন এই দাম আজ মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।
আজকালের খবর/বিএস