রাজধানী ঢাকার মিরপুর ও পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি করা কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজনের নাম আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫) বলে জানা গেছে।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ সক্রিয় একটি গ্যাং।
নুরাঙ্গীর নাহিদ বলেন, গত ২৩ মে সন্ধ্যায় বিপ্লব ও হৃদয় নামে দুই ভাই গাড়িযোগে বাসায় ফেরার পথে পল্লবী এলাকার একটি মুদি দোকানের সামনে পৌঁছলে পূর্বশত্রুতার জেরে ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই মিডিয়া অফিসার জানান, তদন্তে ‘ভইরা-দে গ্রুপ’ নামের এই গ্যাংটির সদস্যদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকালের খবর/বিএস