মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টার ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে রাত পৌনে ৯টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন বিজিবি সদস্যরা। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর আক্রমণের চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।
আজকালের খবর/বিএস