শুক্রবার ১২ জুন ২০২৬
‘সুড়ঙ্গ’ সিক্যুয়ালে রাফি-নিশোর রসায়ন
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩৯ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৮:৪৪ পিএম  (ভিজিট : ৫)
আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ বক্স অফিসে দারুণ সাফল্যে পায়। সেই সফলতার ধারাবাহিকতায় অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’-এর। নতুন গল্প, বড় ক্যানভাস এবং ভিন্ন নির্মাণশৈলী নিয়ে এবার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে এই সিনেমা।

শুক্রবার বিকেলে প্রায় দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ‘সুড়ঙ্গ ২’-এর নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার সেটি আনুষ্ঠানিক রূপ পেল।

একই সঙ্গে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। তবে এবার কাহিনির বিস্তৃতি হবে আরো বড় পরিসরে। আধুনিক প্রযুক্তি, উন্নত নির্মাণশৈলী এবং আন্তর্জাতিক মানের উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য নতুন ধরনের সিনেম্যাটিক অভিজ্ঞতা তৈরি করার লক্ষ্য রয়েছে টিমটির।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, ‘সুড়ঙ্গ ২’ শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা নয়, এটি এমন একটি গল্প বলার প্রয়াস, যা বর্তমান সময়ের দর্শকের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎ ভাবনাকে প্রতিফলিত করবে।’

নির্মাতা রায়হান রাফীর মতে, নতুন ছবিটি শুধু আগের গল্পের সম্প্রসারণ নয়, বরং তাঁর নির্মিত চলচ্চিত্র জগতকে আরো বিস্তৃত করবে। মানুষের অন্তর্গত অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার সংগ্রামকে এবার আরও বৃহৎ পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, ‘দর্শকদের কাছে আমার অনুরোধ, ‘সুড়ঙ্গ ২’-কে শুধু সিক্যুয়াল হিসেবে না দেখে একটি নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। কারণ এবার আমরা শুধু একটি গল্প বলছি না, বরং আরো গভীর ও বিস্তৃত এক যাত্রা নির্মাণ করছি।’

প্রথম ‘সুড়ঙ্গ’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর। সেই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। ফলে নতুন কিস্তি নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই অভিনেতা।

নিশো বলেন, ‘সুড়ঙ্গ’ আমার প্রথম সিনেমা, তাই এটি সবসময়ই আমার কাছে বিশেষ। ‘মাসুদ’ চরিত্রটি আমার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। দর্শকরা যেভাবে চরিত্রটিকে গ্রহণ করেছেন, তা আমার জন্য বড় প্রাপ্তি। এবার নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ আর নতুন কিছু চমক নিয়ে ফিরছি।’

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিংয়ের সময়সূচিসহ আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। 

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরে বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হবে ‘সুড়ঙ্গ ২’।

আজকালের খবর/আতে
 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft