দিনের ব্যস্ততা শেষে যখন রাজধানীর অধিকাংশ মানুষ বিশ্রামে, তখন নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠে নামেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (১০ জুন) রাত ১১টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। ঘন্টাব্যাপী নগরীর বিভিন্ন স্থান পরিদর্শন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এ সময় তাৎক্ষণিক বর্জ্য পরিষ্কার করেন পরিচ্ছন্ন কর্মীরা।
পরিদর্শনকালে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। মীর শাহে আলম বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবার মান আরও বাড়াতে হবে।
এলজিআরডি প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বোধ আরও জোরদার করবে বলে মনে করছেন নগরবাসী। অনেকেই বলছেন, শুধু দপ্তরে বসে নয়; মাঠে নেমে কাজ তদারকির এই উদ্যোগই নাগরিক সেবা উন্নয়নের বাস্তব উদাহরণ।
আজকালের খবর/কবির