বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
নতুন বাজেটে ভর্তুকি কমছে, বাড়ছে প্রণোদনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:০২ এএম   (ভিজিট : ০)
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি খাতে বরাদ্দ কমানোর পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আগামী বাজেটে ভর্তুকি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে রপ্তানি ও রেমিট্যান্স খাতে প্রণোদনা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি বরাদ্দ কমে প্রায় ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকায় নামতে পারে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৯৫ হাজার ৩১ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের তুলনায় প্রায় ৫ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। আরও বড় পার্থক্য দেখা যাচ্ছে গত ২০২৪–২৫ অর্থবছরের প্রকৃত ব্যয়ের সঙ্গে। ২০২৪-২৫ অর্থবছরে ভর্তুকিতে সরকারের ব্যয় হয়েছিল ১ লাখ ৮ হাজার ৬৭৩ কোটি টাকা, ফলে এবারের প্রস্তাবিত বরাদ্দ প্রায় ১৯ হাজার কোটি টাকা কম।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারসহ বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল হতে পারে—এমন প্রত্যাশা থেকে ভর্তুকি কমানোর পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট প্রশমিত হলে জ্বালানি তেল ও সারের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম পর্যায়ক্রমে সমন্বয়ের মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।

নীতিগতভাবে গ্যাস, বিদ্যুৎ ও খাদ্য খাতে দেওয়া সহায়তাকেই বাজেটে ভর্তুকি হিসেবে ধরা হয়। তবে কৃষিখাতে দেওয়া অনেক সহায়তা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে দেখানো হয়, আবার খাদ্য ভর্তুকির কিছু অংশও দুই খাতেই বিভক্ত থাকে। ফলে ভর্তুকি ও সামাজিক সুরক্ষা খাতের ব্যয়ের মধ্যে হিসাবগত জটিলতা রয়েছে বলে কর্মকর্তারা জানান।

অন্যদিকে ভর্তুকি কমলেও রপ্তানি খাতে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী অর্থবছরে রপ্তানি প্রণোদনা, পাট খাতের প্রণোদনা এবং রেমিট্যান্স প্রণোদনা মিলিয়ে মোট ১৬ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৫ হাজার ২২৫ কোটি টাকা।

সংশ্লিষ্টদের মতে, ভর্তুকি কমিয়ে প্রণোদনা বাড়ানোর এই পদক্ষেপ একদিকে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, অন্যদিকে বৈদেশিক আয় বৃদ্ধিতে রপ্তানি ও প্রবাসী আয়ের খাতকে উৎসাহিত করবে। তবে তারা মনে করেন, আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ মূল্যস্ফীতির মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft