বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ৮)
ফিলিস্তিনের পশ্চিম তীরের বিরজেইত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মার্কিন নাগরিক ২০ বছর বয়সী সামা সাফিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার তাকে ধরে নিয়ে যায় দখলদাররা। এ ঘটনায় তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভ্যান হোলেন বলেন, মঙ্গলবার ভোর ৩টার দিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সামা সাফির বাড়িতে অভিযান চালিয়ে তাকে কোনো ব্যাখ্যা ছাড়াই আটক করে নিয়ে যায়।

সিনেটরের ভাষ্য অনুযায়ী, আটক হওয়ার সময় সামা নিজেকে মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দিলেও নিরাপত্তা বাহিনী তা আমলে নেয়নি। তিনি আরও জানান, সাফির একটি চিকিৎসাজনিত সমস্যা রয়েছে এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন।

অন্যদিকে, আইডিএফ জানিয়েছে, আটক চার নারী শিক্ষার্থী সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া এবং সন্ত্রাস-সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সাফি ছিলেন।

তবে সিনেটর ভ্যান হোলেন দাবি করেছেন, সামা সাফিকে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। তার পরিবার কিংবা ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসকেও জানানো হয়নি তিনি কোথায় আছেন বা কেন তাকে আটক করা হয়েছে।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন মার্কিন নাগরিক হিসেবে সামা সাফির দ্রুত মুক্তি নিশ্চিত করতে হবে।

ভ্যান হোলেন আরও অভিযোগ করেন, অতীতেও মার্কিন নাগরিকরা ইসরায়েলি বসতি স্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত হয়নি।

তিনি বলেন, মার্কিন করদাতাদের অর্থ গ্রহণ করার পরও মার্কিন নাগরিকদের সঙ্গে এমন আচরণ করা ইসরায়েল সরকারের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।

ঘটনাটি নিয়ে মানবাধিকার কর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এবং আটক শিক্ষার্থীদের আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft