বুধবার ৩ জুন ২০২৬
বন্ধ ফ্ল্যাটে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ!
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৪৬ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ১২:২৮ এএম  (ভিজিট : ৩৪)
রাজধানীর উত্তর মুগদার আহমদবাগের একটি বাসা থেকে তানভীর হোসাইন শুভ (৪৫) নামে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাতে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর হোসাইনের বাবার নাম তবারক হোসেন। তাদের স্থায়ী বাসা সেগুনবাগিচায় হলেও, সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর উত্তর মুগদার ওই ফ্ল্যাটে সম্পূর্ণ একা থাকতে শুরু করেন তিনি।
 
বাড়ির মালিক গণমাধ্যমকে জানান, ঈদের দিন শেষবারের মতো তানভীরকে জীবিত দেখেছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ বা সাড়া-শব্দ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে তার ঘর থেকে তীব্র ও অসহ্য দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া ও মালিকের মনে সন্দেহ জাগে। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আমরা আহমদবাগের ওই বাসাটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহটি দেখতে পাই। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।’

এসআই আরও জানান, ঘটনার পর নিহতের সহকর্মী ও আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের উপস্থিতিতেই পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধারের কাজ সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft