পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ছুটিতে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় গিয়েছিলেন লাখো মানুষ। ফলে ঈদের পরও অনেকটাই ফাঁকা রয়েছে ঢাকা। তবে ছুটির শেষভাগে এসে রাজধানীর সড়কে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যানবাহনের চলাচল। গত কয়েক দিনের তুলনায় রোববার (৩১ মে) রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। যদিও কোথাও যানজট দেখা যায়নি।
রবিবার রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী ও বিজয় সরণিসহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা আগের কয়েক দিনের তুলনায় বেড়েছে। বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও স্বাভাবিক কর্মদিবসের তুলনায় সড়ক এখনো অনেকটাই ফাঁকা। বিভিন্ন মোড়ে যানবাহন থামতে হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। কোথাও উল্লেখযোগ্য যানজট চোখে পড়েনি।
রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও যাত্রী ছাউনিতেও মানুষের উপস্থিতি ছিল কম। অনেক বাস তুলনামূলক কম যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মানুষ এখনও পুরোপুরি ঢাকায় ফেরেনি। তবে আজ থেকে ফেরার প্রক্রিয়া শুরু হওয়ায় সড়কে গাড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে।
আজকালের খবর/বিএস