গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরার পর ব্যবসায়ী স্বামীকে মারধর, গুরুতর আহত করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মোবারক হোসেন শ্যামল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তফা মৃধা।
সোমবার (১ জুন) সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা মৃধা অভিযোগ করেন, গত ২৫ মে তিনি নিজ বাড়িতে স্ত্রী ও মোবারক হোসেন শ্যামলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ ঘটনার প্রতিবাদ করলে শ্যামল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে মোস্তফা মৃধা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার অভিযোগ, স্ত্রীর সঙ্গে কথিত অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হয়েছেন। বর্তমানে অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং তার ব্যবসায়িক সম্পদ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের একটি অংশ অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে মোবারক হোসেন শ্যামলের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার প্রতিক্রিয়া পাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
আজকালের খবর/বিএস