রবিবার ৩১ মে ২০২৬
পশ্চিমবঙ্গে এক সপ্তাহে আটক ৪০০ বাংলাদেশি, চলছে প্রত্যাবাসনের প্রস্তুতি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১১:৩৩ পিএম   (ভিজিট : ০)
ভারতের পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালুর পর প্রথম সাত দিনেই প্রায় ৪০০ কথিত অবৈধ বাংলাদেশিকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করেছে রাজ্য প্রশাসন। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্য প্রশাসনের সূত্র অনুযায়ী, সবচেয়ে বেশি আটক হয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলায়। সেখানে ৩৩৫ জনকে আটক করা হয়েছে। তাদের তেঁতুলঘাটি, পাথরশাঁতি, চরঘাট ও সুভাষনগরের বন্যা ত্রাণকেন্দ্রে রাখা হয়েছে।

এ ছাড়া মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁ পুলিশ জেলার বিভিন্ন কেন্দ্রেও আটক ব্যক্তিদের রাখা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন জানিয়েছে, হোল্ডিং সেন্টারগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আটক ও প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে কেরালায় কর্মরত চার বাংলাদেশি শ্রমিকও আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন। গত ২৬ মে তারা হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে আটক হন। পরে তাদের উত্তর চব্বিশ পরগনার একটি আটক কেন্দ্রে পাঠানো হয়।

আটক চার যুবকের একজন মতলেব হোসেন ফোনে জানান, তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। আঙুলের ছাপসহ বিভিন্ন তথ্য নেওয়ার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।

তিনি বলেন, কীভাবে ভারতে প্রবেশ করেছেন, কোথায় কাজ করেছেন এবং কোথায় অবস্থান করেছেন—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে এবং তারা সব প্রশ্নের উত্তর দিয়েছেন।

রাজ্য প্রশাসনের এ অভিযানকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft