রবিবার ৩১ মে ২০২৬
নেইমারকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা অ্যানচেলোত্তির
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ২৫)
চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হতে সময় লাগতে পারে, এমন আশঙ্কার মধ্যেও ব্রাজিল তারকা নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যানচেলোত্তি। সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে কোনও সংশয় নেই এবং তাঁর জায়গায় অন্য কাউকে দলে নেওয়ারও পরিকল্পনা নেই।

বিশ্বকাপকে সামনে রেখে ২৭ মে থেকে রিও ডি জেনিরোতে অনুশীলন করছে ব্রাজিল দল। এখনও সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারেননি নেইমার। পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচের আগে দলের প্রস্তুতি ও নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন অ্যানচেলোত্তি।

ব্রাজিল কোচ জানান, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার আগে তাঁর ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছেন তাঁরা। অ্যানচেলোত্তি বলেন, ''আমরা বিশ্বাস করি, নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠবে। মানসিকভাবেও বেশ হাসিখুশি রয়েছে।''

এর আগে ব্রাজিল দলের মেডিক্যাল স্টাফ প্রধান রডরিগো লাসমার জানিয়েছিলেন, নেইমারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। সেক্ষেত্রে বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

তবে অ্যানচেলোত্তি এত দীর্ঘ সময়ের প্রয়োজন হবে বলে মনে করছেন না। তাঁর মতে, নেইমার প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠতে পারেন। আর তা সম্ভব না হলেও দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে আশাবাদী কোচ। তিনি বলেন, ''সুস্থ না হওয়া পর্যন্ত নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা মনে করি, নেইমার প্রথম ম্যাচের আগেই প্রস্তুত হয়ে যেতে পারে। যদি তা না-ও পারে, তাহলে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত থাকবে। নিশ্চিতভাবে বলছি, নেইমারের জায়গায় কোনও বিকল্প খেলোয়াড় নেওয়া হবে না।''

বিশ্বকাপের দল ঘোষণার আগে অ্যানচেলোত্তি জানিয়েছিলেন, একশো শতাংশ ফিট না হলে, কাউকে দলে নেওয়া হবে না। তবে নেইমার পুরোপুরি সুস্থ না হয়েও দলে জায়গা পাওয়ায় ব্রাজিলিয়ান ফুটবলে প্রশ্ন উঠেছে। 

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ''আমি শারীরিকভাবে একশো শতাংশ ফিট থাকার বিষয়টি বলেছিলাম। হয়তো বিষয়টি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারিনি। আমি বলতে চেয়েছিলাম, এমন খেলোয়াড়কেও নেওয়া হতে পারে, যে বিশ্বকাপ চলাকালীন পুরোপুরি ফিট হয়ে উঠবে। দুর্ভাগ্যজনকভাবে মিলিতাও, রডরিগো এবং উইলিয়ান তখনও পুরোপুরি ফিট হয়ে উঠবে না।''

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। 

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft