২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডের পাশাপাশি খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করেছে আর্জেন্টিনা। যদিও ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন—আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো কিংবদন্তি আনহেল দি মারিয়ার আইকনিক ১১ নম্বর জার্সিটি এবার কার দখলে যাচ্ছে?
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই মর্যাদাপূর্ণ নম্বরটি পেয়েছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ সদস্যকে নিয়ে গড়া এবারের স্কোয়াডে জার্সি নম্বর নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সেরা তারকা আনহেল দি মারিয়ার অবসরের পর তার ঐতিহাসিক ১১ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, তা নিয়ে চলছিল নানা আলোচনা।
২০২৪ সালের ১৫ জুলাই কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান দি মারিয়া। তার অবসরের ফলে খালি হওয়া বিখ্যাত ১১ নম্বর জার্সিটি এবার বিশ্বকাপের মঞ্চে গায়ে তুলবেন জিওভানি লো সেলসো।
অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক ও দলের প্রাণভোমরা লিওনেল মেসি যথারীতি তার প্রিয় ১০ নম্বর জার্সিতেই খেলবেন। ২০১০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপেই এই নম্বর পরে মাঠে নেমেছেন তিনি। এছাড়া হুলিয়ান আলভারেজ খেলবেন ৯ নম্বর জার্সিতে এবং বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন ২৩ নম্বরে।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের জার্সি তালিকা:-
১ নম্বরে হুয়ান মুসো, ২ নম্বরে লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে নিকোলাস তাগলিয়াফিকো, ৪ নম্বরে গনসালো মন্তিয়েল, ৫ নম্বরে লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ, ৭ নম্বরে রদ্রিগো ডি পল, ৮ নম্বরে ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বরে হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে লিওনেল মেসি।
১১ নম্বরে জিওভানি লো সেলসো, ১২ নম্বরে জেরোনিমো রুলি, ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বরে এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস, ১৬ নম্বরে থিয়াগো আলমাদা, ১৭ নম্বরে জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে নিকো পাজ, ১৯ নম্বরে নিকোলাস ওতামেন্দি এবং ২০ নম্বরে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার রয়েছেন।
দলের বাকি খেলোয়াড়দের মধ্যে ২১ নম্বরে হোসে ম্যানুয়েল লোপেস, ২২ নম্বরে লাউতারো মার্টিনেজ, ২৩ নম্বরে এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ নম্বরে এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বরে নাহুয়েল মোলিনা খেলবেন।
আজকালের খবর/বিএস