রবিবার ২৪ মে ২০২৬
আফঈদার বদলে বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্দা
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:৩০ পিএম   (ভিজিট : ০)
ভারতের গোয়ায় আগামীকাল সোমবার পর্দা উঠছে অষ্টম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ শিবিরে বড় চমক! হ্যাটট্রিক মিশনে নামার আগে দলের অধিনায়ক পরিবর্তন করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সেন্ট্রাল ডিফেন্ডার আফঈদা খন্দকারের বদলে অধিনায়কের আর্মব্যান্ড  গত দু’টি সাফ জয়ী দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য মিডফিল্ডার মারিয়া মান্দাকে দেওয়া হয়েছে।

গোয়ায় আজ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক হিসেবে মারিয়া মান্দাই কোচের সঙ্গে উপস্থিত ছিলেন। অথচ বাংলাদেশ থেকে রওনা হওয়ার সময় সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন আফঈদা। গোয়ায় গিয়েই মূলত এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বদলে যায়।

জানা গেছে, সাফের প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দল দুই সপ্তাহের একটি নিবিড় ক্যাম্প করেছিল। সেখানে দুই-তিন দিন কাটার পরই আফঈদাকে নিয়ে বসেন বাটলার। কোচ আফঈদাকে বলেন ‘দেখ, তুমি দলের অংশ। তবে তোমার ওপর চাপ সামলাতে অধিনায়ক বদল করছি।’

থাইল্যান্ডে স্থানীয় দু’টি ক্লাবের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলেন ঋতুপর্ণারা। কিন্তু মাঠের পারফরম্যান্স ও অনুশীলন ঘাটতি বিশ্লেষণ করে কোচের মনে হয়েছে অধিনায়কত্বের বাড়তি চাপে আফঈদা নিজের স্বাভাবিক ও সেরা খেলাটা খেলতে পারছিলেন না। নতুন অধিনায়ক হিসেবে ডিফেন্ডার শিউলি আজিমের নামও বিবেচনায় এসেছিল। তবে সাবিনার সময় থেকেই যেহেতু মারিয়া সহঅধিনায়ক। তাই তাঁকে অধিনায়ক করা হয়েছে। থাইল্যান্ডের ম্যাচ দুটিতেও অধিনায়ক ছিলেন মারিয়া।

সাবিনা খাতুনের অধিনায়কত্বে বাংলাদেশ টানা দুই বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তবে ২০২৪ সালে দ্বিতীয়বার সাফ জয়ের পর সাবিনাসহ ১৮ জন ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে একযোগে বিদ্রোহ ঘোষণা করেন। সেই দ্বন্দ্বের জেরে সাবিনারা দল থেকে বাদ পড়েন। সাবিনা পরবর্তী সময়ে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ দলের সফল অধিনায়ক আফঈদা খন্দকারকে জাতীয় দলের অধিনায়ক করা হয়।

আজকালের খবর/কবির










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft