শুক্রবার ২৯ মে ২০২৬
ঈদুল আযহায় জোহর প্রাসাদে রাজকীয় মিলনমেলা
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ১০)
পবিত্র ঈদুল আযহাকে ঘিরে মালয়েশিয়ার জোহরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ। এ উপলক্ষে জোহরের রাজপ্রাসাদ ইস্তানা বুকিত সেরিনে-তে আয়োজিত হয় রাজপরিবারের এক বিশেষ মিলনমেলা। এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং রানি রানি জারিথ সোফিয়া ।

রাজপ্রাসাদে আয়োজিত এ পারিবারিক অনুষ্ঠানে রাজা ও রানি পরিবারের সদস্য ও নাতি-নাতনিদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। জোহর রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দঘন ও পারিবারিক উষ্ণতায় ভরপুর।

জোহর রিজেন্ট ও যুবরাজ তুংকু মাহকোটা ইসমাইল এবং তাঁর সহধর্মিণী চে’ পুয়ান মাহকোটা খালিদা জোহর সন্তানদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন টুংকু পাংলিমা জোহর টুংকু আবদুল রহমান সুলতান ইব্রাহিম, টুংকু পুতেরা জোহর টুংকু আবু বাকার সুলতান ইব্রাহিম এবং টুংকু তুন আমিনাহ টুংকু তুন আমিনাহ সুলতান ইব্রাহিম। তাঁর স্বামী দাতুক ডেনিস মুহাম্মদ আবদুল্লাহও সন্তানদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।

রাজপরিবারের এ আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়ে। সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঈদের আনন্দে পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাচ্ছেন। সাধারণ মানুষের কাছেও এ দৃশ্য রাজপরিবারের পারিবারিক বন্ধন ও ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে।

অন্যদিকে ঈদুল আযহা উপলক্ষে জোহরের জনগণের জন্য ১৪৮টি গরু কুরবানির উপহার দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম। এসব গরু জোহরের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষ ও অসচ্ছল পরিবারগুলো কুরবানির মাংস পেতে পারে।

জোহরের মুখ্যমন্ত্রী অন হাফিজ গাজী বলেন, এই অনুদান জোহর রাজপ্রতিষ্ঠানের মানবিকতা, জনগণের প্রতি ভালোবাসা এবং ‘বাংলসা জোহর’-এর কল্যাণে রাজপরিবারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, মহামান্য রাজার এই উদারতা ও জনগণের প্রতি আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন মহামান্য রাজা ও পুরো রাজপরিবারকে সুস্থতা, নিরাপত্তা ও দীর্ঘায়ু দান করেন।

এদিকে সিমপাং রেংগাম কোরবান পারদানা কর্মসূচিতেও অতিরিক্ত ৩২টি গরু কুরবানির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এসব গরু এলাকার মসজিদ, সুরাউ, গ্রাম ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন অন হাফিজ গাজী।

মালয়েশিয়ায় ঈদুল আযহা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং পারস্পরিক সহযোগিতা, ত্যাগ ও মানবিকতার এক অনন্য বার্তা বহন করে। জোহর রাজপরিবারের এ আয়োজন ও কুরবানির অনুদান সেই ঐতিহ্যকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft