বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্পে’র পরিচর্যার জন্য মিরপুর চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৮:৪৩ এএম   (ভিজিট : ২৫)
বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এরইমধ্যে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। তাকে নিরাপদভাবে সংরক্ষণ ও সঠিক পরিচর্যার জন্য সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহিষটির জন্য বড় শেড প্রস্তুত করা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার বিষয়টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে বিষয়টি জানিয়েছেন প্রতিমন্ত্রী।সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুকে লেখেন, আজ বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা যুক্ত হয়েছে। বিরল ‘অ্যালবিনো’ প্রজাতির একটি মহিষ ইতোমধ্যে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য আনা হয়েছে।

“বিশেষজ্ঞদের মতে, মহিষটির শরীরে ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন গোলাপি বর্ণের বৈশিষ্ট্য দেখা যায়। পৃথিবীব্যাপী এ ধরনের প্রাণী অত্যন্ত বিরল। পরিসংখ্যান বলছে, প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এ ধরনের অ্যালবিনো বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিতে পারে। ফলে এটি শুধু একটি বিরল প্রাণীই নয়, বরং গবেষণা, সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। প্রাণীটিকে নিরাপদভাবে সংরক্ষণ ও সঠিক পরিচর্যার জন্য ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহিষটির জন্য বড় শেড প্রস্তুত করা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার বিষয়টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি।” বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও অবগত করেছি। তিনি এ ধরনের বিরল প্রাণী সংরক্ষণের উদ্যোগকে গুরুত্ব সহকারে দেখার নির্দেশনা দিয়েছেন এবং দেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।’

‘মহিষটির ক্রেতা মনিরুজ্জামানকে তার পশুর ন্যায্য মূল্য প্রদান করা হয়েছে। পাশাপাশি কোরবানির জন্য বিকল্প গরুরও ব্যবস্থা করা হয়েছে, যাতে তিনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।’ বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

তিনি লেখেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের পাশাপাশি পরিবেশ, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সমান গুরুত্ব দিচ্ছে। আমাদের বিশ্বাস, বিরল এই অ্যালবিনো মহিষ শুধু দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুই হবে না, ভবিষ্যৎ গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষ, প্রকৃতি ও প্রাণিসম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’

অ্যালবিনো জাতের মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হয়। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‌‘ডোনাল্ড ট্রাম্প’।

৭০০ কেজি ওজনের আলোচিত মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে কিনে নেন ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামান সামির। সে হিসেবে মহিষটির দাম পড়ে ৩ লাখ ৮৫ হাজার টাকা।

মহিষটিকে নিয়ে প্রথমে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর এএফপি, রয়টার্সসহ প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম প্রাণীটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদন প্রকাশের পর মহিষটি বিশ্বব্যাপী আলোচিত হয়।

গত সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটির ক্রেতা তাকে নিতে খামারে যান। খামারিরা মহিষটিকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেন। পরে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন পশুটিকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এদিকে মহিষটিকে কেরানীগঞ্জের বাসায় নেওয়ার পর থেকে দর্শনার্থীরা ভিড় করতে থাকেন। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে মহিষটিকে ঘরের ভেতরে রাখতে বাধ্য হন তারা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে পুলিশ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরেও অনেক দর্শনার্থী মহিষটিকে দেখতে যান। এরপর রাতে মহিষটিকে মিরপুরে চিড়িয়াখানায় নেওয়া হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft