সোমবার ২৫ মে ২০২৬
পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার সেবা
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ০)
হাজারো ব্যস্ততা, কর্মঘণ্টার চাপ আর দূরপাল্লার যাত্রার ক্লান্তি পেরিয়ে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে যেন এক টুকরো স্বস্তি হয়ে ধরা দিল বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প। পেনাংয়ে দু'দিনব্যাপী এই বিশেষ সেবা কার্যক্রমে প্রবাসীরা পেয়েছেন পাসপোর্টসহ নানা গুরুত্বপূর্ণ কনস্যুলার সেবা, তাও আবার নিজেদের কাছাকাছি এলাকায়।

গত ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত এই মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। পেনাংয়ের অগ্রণী রেমিট্যান্স হাউস ও অনারারি কন্স্যুলার অফিসে আয়োজিত এ ক্যাম্পে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কনস্যুলার টিম দায়িত্ব পালন করে।

দু'দিনব্যাপী এই ক্যাম্পে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। কেউ নতুন পাসপোর্টের আবেদন করতে আসেন, কেউ পাসপোর্ট নবায়নের জন্য, আবার কেউবা প্রস্তুত পাসপোর্ট সংগ্রহ করতে। বায়োমেট্রিক এনরোলমেন্ট, কাগজপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় পরামর্শ সেবাও দেওয়া হয় সেখানে।

অনেক প্রবাসী বাংলাদেশি জানান, সাধারণত কনস্যুলার সেবা নিতে তাদের কুয়ালালামপুরে যেতে হয়। এতে সময়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হয়। বিশেষ করে যারা কারখানা, নির্মাণ খাত বা রেস্টুরেন্টে কাজ করেন, তাদের জন্য ছুটি নেওয়াও কঠিন হয়ে পড়ে। ফলে পেনাংয়ে এই মোবাইল কনস্যুলার ক্যাম্প তাদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।

একজন প্রবাসী বলেন, পাসপোর্টের কাজ করতে আগে পুরো একদিনের বেশি সময় নষ্ট হতো। যাতায়াত খরচও অনেক। এবার কাছেই সেবা পেয়ে খুব উপকার হয়েছে।

আরেকজন জানান, কাজের চাপের কারণে কুয়ালালামপুরে যাওয়া সম্ভব হয় না। তাই এমন উদ্যোগ আমাদের জন্য সত্যিই আশীর্বাদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দূরবর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রবাসীদের প্রয়োজনীয় সরকারি সেবা সহজ ও দ্রুত পৌঁছে দিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা আরও বলছেন, মোবাইল কনস্যুলার সেবা শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি প্রবাসীদের সঙ্গে দূতাবাস ও হাইকমিশনের সম্পর্ক আরও দৃঢ় করে। প্রবাসীরা এতে নিজেদের দেশের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত অনুভব করেন। পাশাপাশি নতুন কর্মকর্তাদের জন্য মাঠপর্যায়ে কাজ শেখার একটি কার্যকর অভিজ্ঞতাও তৈরি হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের একটি বড় অংশ রাজধানীর বাইরে বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাস করেন। তাদের জন্য নিয়মিত কনস্যুলার সেবা পাওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। তাই পেনাংয়ে এ ধরনের উদ্যোগকে প্রবাসীরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন।

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে মালয়েশিয়ার দূরবর্তী বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসীদের সুবিধার্থে পর্যায়ক্রমে আরও সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রবাসীদের প্রত্যাশা, এ ধরনের মানবিক ও জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকলে বিদেশের মাটিতেও তারা নিজেদের আরও নিরাপদ ও দেশের সঙ্গে সংযুক্ত অনুভব করবেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft