সোমবার ২৫ মে ২০২৬
কুয়েতে বাংলাদেশের শুভেচ্ছা খাদ্য সহায়তা হস্তান্তর
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ৩)
কুয়েত সফররত প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রোববার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর নিকট কুয়েত সরকারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রেরিত খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ বাংলাদেশের সরকারের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও বাংলাদেশ-কুয়েতের ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে মোট ২৪০ টন খাদ্যসামগ্রী উপহার হিসেবে কুয়েতে প্রেরণ করা হচ্ছে, যা পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম কুয়েতের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি, সৌহার্দ্য ও বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। 

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ বরাবর প্রেরিত একটি পত্রও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পত্রে কুয়েতের জনগণের অব্যাহত শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করার পাশাপাশি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। 

আলোচনাকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, বিদ্যমান আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। 

এ সময় বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুই দেশই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, বন্ধুত্ব ও বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। 

পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচলসহ সম্ভাবনাময় অন্যান্য খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণেও উভয় পক্ষ ঐক্যমত পোষণ করে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমীরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft