ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আছেন, তাদের গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজের দেশে ফিরতে হবে৷ একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এই নিয়মের কোনো বিকল্প থাকবে না৷ মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস এমনটাই জানিয়েছে৷
এতদিন পর্যন্ত পর্যটক, শিক্ষার্থী বা অস্থায়ী ভিসাধারীরা নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে দেশের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন৷ ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, প্রতি বছর যত গ্রিন কার্ড দেওয়া হয় তার অর্ধেকেরও বেশি এই পদ্ধতিতে৷
ইউএসসিআইএস জানিয়েছে, অস্থায়ী ভিসায় আসা ব্যক্তিদের নির্দিষ্ট সময় শেষে দেশ ছেড়ে যাওয়ার কথা৷ তাদের সফর যেন গ্রিন কার্ড প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ব্যবহৃত না হয়, সেটাই এই নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য৷ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ক্রমশ কঠোর হচ্ছে
আজকালের খবর/বিএস