শনিবার ২৩ মে ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশিদের কৃতিত্বকে সম্মান জানাতে ডুয়ামের মেগা অ্যাওয়ার্ড আয়োজন
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ৬)
শিক্ষা, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো মেগা অ্যাওয়ার্ড ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম)।

“অনারিং বাংলাদেশি এক্সেলেন্স ইন এডুকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬ ” শীর্ষক এ আয়োজন আগামী ৬ জুন ২০২৬ কুয়ালালামপুরের এসএসইউ ক্লাব আমানে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের শিক্ষা, গবেষণা, কমিউনিটি উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হবে।

এ উপলক্ষে বুধবার (২১ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডুয়াম নেতারা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশিদের ইতিবাচক অবদান তুলে ধরা এবং দেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় করা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডুয়ামের সভাপতি সুরাইয়া নাহার ইয়াসমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আকাশ, সাংগঠনিক সম্পাদক আনিকা ইসলাম অর্পা, সহ-সভাপতি ড. জাইরা জামান চৌধুরী (ইউনিভার্সিটি মালয়া), যুগ্ম সম্পাদক রেবেকা সুলতানা জেরিন, অর্থ সম্পাদক শারমিন রহমান, বিএসওএম প্রতিনিধি আসাদুল্লাহ আল গালীব রাব্বী, মাহিন মোস্তাফিজ ও ফারহানা আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, শিক্ষক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

এবারের আয়োজনের তিনটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে— শিক্ষক, শিক্ষার্থী এবং ‘এক্সিলেন্ট উইমেন’। নির্বাচিত ব্যক্তিদের ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

সম্মাননা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সমন্বয়ে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া জুরি বোর্ডের তত্ত্বাবধানে সম্পন্ন হবে বলেও আয়োজকরা জানান। একই সঙ্গে ডুয়ামের কোনো সদস্য এই সম্মাননার জন্য বিবেচিত হবেন না বলে স্পষ্ট করা হয়।

মূল আয়োজনের পাশাপাশি নাচ, গান, কবিতা আবৃত্তি ও জাদু প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। শিশু ও নারীদের জন্য বিশেষ আয়োজনের পাশাপাশি র‍্যাফেল ড্রও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আয়োজকদের ভাষ্য, এটি সংগঠনটির দ্বিতীয় বৃহৎ সম্মাননা আয়োজন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft