রবিবার ২৪ মে ২০২৬
ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়ের অনুষ্ঠানে থাকতে পারছেন না ট্রাম্প
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ১৫)
জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ে পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধসহ নানা গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব থাকায় শনিবার (২৩ মে) বিয়ে উপলক্ষ্যে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারছেন না ট্রাম্প।

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান-সংক্রান্ত পরিস্থিতি তার এই সিদ্ধান্তের অন্যতম কারণ।

ট্রাম্প বলেন, ইরান এবং আরও কিছু বিষয়ের কারণে সময়টা ভালো নয়। ইরান মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়। কী হয় দেখা যাবে। তবে, আমরা তাদের কঠোরভাবে আঘাত করেছি এবং আমাদের আর কোনো উপায় ছিল না, কারণ ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ওয়াশিংটন ডিসিতে থাকা তার জন্য জরুরি।

পাম বিচ কাউন্টির নথি থেকে জানা গেছে, বৃহস্পতিবার পাম বিচের সমাজকর্মী ও মডেল বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এটি ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে।

তবে, পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ মে) বাহামায় তাদের একটি ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তিনি বলেন, ইরান যুদ্ধ এবং অন্যান্য প্রেসিডেন্সিয়াল দায়িত্বের কারণে সময়টি তার জন্য উপযুক্ত নয়। প্রথমে এই সপ্তাহান্তে তার নিউ জার্সির বেডমিনস্টারে থাকার কথা থাকলেও, এখন তিনি হোয়াইট হাউসে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার ট্রাম্প আরও বলেন, তিনি বেটিনা অ্যান্ডারসনকে অনেক দীর্ঘ সময় ধরে চেনেন এবং আশা করেন তাদের দাম্পত্য জীবন সুখের হবে।

ওই পোস্টের একদিন পর শুক্রবার (২২ মে) ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে নবদম্পতিকে অভিনন্দন জানান। তিনি লেখেন,আমি খুবই চেয়েছিলাম আমার ছেলে ডন জুনিয়র এবং ট্রাম্প পরিবারের নতুন সদস্য হতে যাওয়া বেটিনার সঙ্গে থাকতে। কিন্তু সরকার-সংশ্লিষ্ট পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি আমার ভালোবাসা আমাকে তা করতে দিচ্ছে না।

জানা গেছে, পুত্রবধূ অ্যান্ডারসন পাম বিচের একটি প্রভাবশালী পরিবারের সদস্য। তার বাবা হ্যারি লোই একজন ব্যাংকার ও সমাজসেবী। ট্রাম্প জুনিয়র গত ডিসেম্বরে হোয়াইট হাউসের একটি ছুটির পার্টিতে অ্যান্ডারসনের সঙ্গে বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলেন।

৪৮ বছর বয়সি ট্রাম্প জুনিয়রের প্রথম স্ত্রী ভেনেসা ট্রাম্পের ঘরে তাদের পাঁচ সন্তান রয়েছে। ২০০৫ সালে মার-আ-লাগোতে তাদের বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে তিনি কিমবার্লে গিলফয়েল-এর সঙ্গে বাগদান করেন। বর্তমানে গিলফয়েল গ্রিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প জুনিয়র তার ভাই এরিক ট্রাম্পের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন পরিচালনা করেন। তাকে প্রায়ই রাজনৈতিক অনুষ্ঠানে তার বাবার পাশে দেখা যায়। অন্যদিকে অ্যান্ডারসন ‘প্রজেক্ট প্যারাডাইস ফিল্ম ফান্ড’-এর কমিটির সদস্য, যা ফ্লোরিডার পরিবেশ সংরক্ষণে কাজ করে।সূত্র:এনবিসি/দ্য হিল

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft