শনিবার ২৩ মে ২০২৬
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির আধুনিকায়ন করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ২৫)
পৌনে দুইশ বছরের পুরনো যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিকে আধুনিকায়ন ও এর ডিজিটাল ভার্সন চালু করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির এই যুগে যাদের সরাসরি লাইব্রেরিতে এসে বই পড়ার সুযোগ নেই, তারা যেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ডিজিটাল মাধ্যমে ঐতিহ্যবাহী যশোর পাবলিক লাইব্রেরির সমৃদ্ধ সংগ্রহশালা থেকে বই পড়তে পারেন, সরকার সেই ব্যবস্থা করবে।

আজ শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সহযোগিতায় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের বইয়ে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নতুন প্রজন্ম ও সন্তানদের বইমুখী করতে চান। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাথে একাধিক বৈঠক করেছেন, যাতে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস পুনরায় ফিরিয়ে আনা যায়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে এর দুর্লভ সংগ্রহসমূহ স্বচক্ষে দেখেছেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।

অনিন্দ্য ইসলাম অমিত তার শৈশবের স্মৃতি চারণ করে বলেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দেশব্যাপী যে সুনাম ও ঐতিহ্য ছিল, বিভিন্ন কারণে তা কিছুটা ম্লান হয়েছে। প্রযুক্তির অতি-ব্যবহারের কারণে বর্তমান প্রজন্ম বইবিমুখ হয়ে পড়ছে।

তিনি বলেন, ভালো লেখার ও মেধা বিকাশের পূর্বশর্ত হলো বই পড়া। বই পড়ার মাধ্যমেই ভাষার ওপর দক্ষতা ও শব্দভাণ্ডার বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী যশোরের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে ঐতিহাসিক বি সরকার মেমোরিয়াল হল, ঘুর্ণায়মান নাট্য মঞ্চ এবং জেলা শিল্পকলা একাডেমির সামগ্রিক উন্নয়নের ঘোষণা দেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলা প্রমুখ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft