রবিবার ১০ মে ২০২৬
পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে নিকলী শিল্পকলা একাডেমি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৭:৫৬ পিএম  (ভিজিট : ৪৭)
কিশোরগঞ্জ জেলা নিকলী উপজেলায় শিল্পকলা একাডেমির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে উপজেলার সাংস্কৃতিক অনুরাগী  ছেলেমেয়েরা সংগীত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ থাকায় এবং সংগীত শিক্ষার অন্য কোন প্রতিষ্ঠান না থাকায় উপজেলায় ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গন। 

জাতীয় দিবসসহ বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসন নির্দিষ্ট কোন সংগঠনকে অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব দিতে পারেনা। নেতৃত্ব, স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও আর্থিক সংকটের কারণে শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ রয়েছে বলে এনজিও কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম মন্তব্য করেছেন। 

নিকলী থানাকে উপজেলায় উন্নীত করার পর নিকলীতে শিল্পকলা একাডেমি গড়ে ওঠে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও সংগীত শিক্ষকদের সমন্বয়ে প্রাণবন্ত পরিবেশে সঙ্গীত শিক্ষার্থীগণ সংগীত শিক্ষা করতে থাকে। একটানা দীর্ঘ পথ পরিক্রমায় এ প্রতিষ্ঠান সাংস্কৃতিক উন্নয়নে ব্যাপক উন্নতি, সুনাম ও সফলতা বয়ে আনে । একটা সময় আর্থিক সংকট দেখা দিলেও ওস্তাদ সুভাষ বর্মন ও ওস্তাদ লালচান মিয়া অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানটি ধরে রাখেন। এ দু'জন উস্তাদ প্রয়াত হলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৭/৮ বছর ধরে নিকলী শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটি চালু করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। একাডেমির ২টি হারমোনিয়াম, ২ জোড়া তবলা, ১টি গিটার, ১টি বেহালাসহ অন্যান্য বাদ্যযন্ত্র সমূহ কোথায় আছে কেউ বলতে পারে না। 

নিকলী খেলার মাঠে ক্রীড়াবিদদের ব্যবহারের জন্য নির্মাণ করা স্থাপনায় শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিচালিত হওয়ায় ভবনটি নিকলী শিল্পকলা একাডেমি নামে বেশি পরিচিত। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির দরজা, জানালা, গ্রিল চুরি হয়ে গেছে এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। নিরাপদ জায়গায় হিসেবে বেচে নিয়েছেন নেশাখোররা। 

নিকলীর কৃতি সন্তান ঢাকাস্থ শিশু সংগঠন আমরা কুড়ির চেয়ারম্যান দক্ষ সংগঠক মোস্তাক আহমেদ লিটন বলেন, শিশুদের প্রতিভার বিকাশ ঘটাতে হলে সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই, নিকলীর শিশুরা সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত হয়ে অন্যদিকে ধাবিত হয়ে যাচ্ছে, এর জন্য স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবর্গ দায়ী। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিকলী শিল্পকলা একাডেমির সভাপতি রেহানা মজুমদার মুক্তি বলেন, শিল্পকলা একাডেমি পরিচালনা করার জন্য উপজেলায় কোন খাত নেই, এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে শিল্পকলা একাডেমি চালু করার ব্যবস্থা করা হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft