শুক্রবার ৮ মে ২০২৬
ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:১৬ পিএম   (ভিজিট : ৮)
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর কাউন্টার ও অনলাইনে এসব টিকিট পাওয়া যাচ্ছে।

আজ শুক্রবার সকাল থেকে বাসের আসনের এসব টিকিট বিক্রি শুরু হয়।  প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেইজের মাধ্যমে অগ্রীম টিকিট বিক্রির ঘোষণা দেয়।

শ্যামলী এন.আর. ট্রাভেলস ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকা-রাজশাহী, চাঁপাই, রহনপুর, কানসাট, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, সাকোয়া, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুষ্টিয়া ও মেহেরপুর রুটের অগ্রিম টিকিট পাওয়া যাবে। 

যাত্রীরা কল্যাণপুর বড় কাউন্টার, খাজা মার্কেট কাউন্টার, বিজিএমইএ কাউন্টার, আসাদগেট কাউন্টার ও শ্যামলী হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অনলাইনের মাধ্যমেও টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে টিকিট কাটার জন্য একটি কিউআর কোড ও যোগাযোগের নম্বরও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অরিন ট্রাভেলস ঈদুল আজহা উপলক্ষে আজ সকাল ৭টা থেকে ঢাকার কল্যাণপুর ও গাবতলী কাউন্টার থেকে গাইবান্ধা, জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। গাবতলী কাউন্টার থেকে শুধুমাত্র গাইবান্ধা রুটের এবং কল্যাণপুর কাউন্টার থেকে জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের টিকিট দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অনলাইন যাত্রীদের নির্ধারিত বোর্ডিং পয়েন্ট অর্থাৎ কল্যাণপুর ও গাবতলী থেকেই বাসে উঠতে হবে, অন্য কোথাও থেকে উঠতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায় নেবে না। এ ছাড়া ২৪ মে থেকে যানজট এড়াতে বাসগুলো ধামরাই-কালামপুর হয়ে চলাচল করবে এবং বিশমাইল কাউন্টার হবে শেষ বোর্ডিং পয়েন্ট। 

মোবাইল ফোনে কোনো ঈদের টিকিট বুকিং নেওয়া হবে না, সরাসরি কাউন্টার বা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হবে। একই সঙ্গে ২১ মে থেকে বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়া কার্যকর হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হানিফ এন্টারপ্রাইজ ভোর সাড়ে ৬টা থেকে বালুরমাঠ, খালেক সিটি, কল্যাণপুর ও শ্যামলীর নির্ধারিত কাউন্টারগুলোতে একযোগে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে। কাউন্টার ও অনলাইন দুভাবেই তাদের টিকিট পাওয়া যাবে। 

গ্রীন লাইন পরিবহন জানিয়েছে, ঈদুল আজহার টিকিট তাদের সকল কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ঈদের টিকিট কোনো অবস্থাতেই ফেরত, পরিবর্তন বা রিফান্ড করা হবে না। তাই টিকিট কেনার সময় যাত্রীদের দিন, তারিখ ও সময় ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

এ ছাড়া অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সচল মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা যায়। একই সঙ্গে ঈদের অনলাইন টিকিটের প্রিন্ট কপি সঙ্গে রাখার নির্দেশনাও দিয়েছে গ্রীন লাইন পরিবহন।

সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড জানায়, ঈদুল আজহা উপলক্ষে তাদের সকল রুটের অগ্রিম টিকিট এখন ওয়েবসাইট ও নির্ধারিত কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে। যাত্রীরা অনলাইন কিংবা সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft