শনিবার ২ মে ২০২৬
সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার
হজক্যাম্পে রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার ২
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ০)
রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।  গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও নাদিম।

শুক্রবার (১ মে) আশকোনা হজক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ এবং মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হজযাত্রীর ছদ্মবেশে পাঞ্জাবি-পাজামা পরিহিত এক ব্যক্তি অভিনব কৌশলে টাকা চুরি করে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে সিটি এসবির দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

পরে মতলব, কুমিল্লার দাউদকান্দি, মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে রাত ২টা ৪০ মিনিটে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরির মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের দুই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১৭,৫০০ সৌদি রিয়াল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে মান্নান এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ঘটনার পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হজযাত্রী দম্পতিকে ২ হাজার রিয়াল সহায়তা দেন। পরে তারা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব গমন করেন।

এ ঘটনায় জড়িত মূল হোতা আব্দুল মান্নানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, উদ্ধারকৃত অর্থের খবরে সৌদি আরবের মক্কা থেকে ভুক্তভোগী ইমান আলী আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft