পিকেএসএফ-এ নারী জনবল বৃদ্ধির ওপর জোর দিয়েছেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। প্রতিষ্ঠানটিতে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ বিদ্যমান রয়েছে মন্তব্য করে তিনি বলেন, মেধাবী নারী শিক্ষার্থীদের পিকেএসএফ-এ কাজের প্রতি আগ্রহী করে তুলতে একটি সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার (১ এপ্রিল) পিকেএসএফ ভবন-১-এ কর্মস্থলে যৌন হয়রানি বা নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে পিকেএসএফ-এ কর্মরত নারীদের জন্য গঠিত ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ কর্তৃক নারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। পিকেএসএফ-এ সহায়ক কর্মপরিবেশ বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের সভা আয়োজন করা হয়।
মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পিকেএসএফ ২০১৪ সালে এ ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ গঠন করে। সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে দুইজন বহির্সদস্য রয়েছেন। উল্লেখ্য, পিকেএসএফ-এর সকল সহযোগী সংস্থাতেও ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ রয়েছে।
সভায় স্বাগত বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের বলেন, পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাসমূহে কর্মরত নারীসহ সকল কর্মীর জন্য একটি নিরাপদ ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, এ লক্ষ্যে আমরা নিয়মিতভাবে জেন্ডার নীতিমালা বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি।” নারীবান্ধব ও সহায়ক কর্মপরিবেশ বজায় রাখতে পিকেএসএফ-এর অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি জানান, পিকেএসএফ-এর শিশু দিবাযত্ন কেন্দ্রে শিশুদের জন্য প্রাক-প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করা হবে। এ কেন্দ্রে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে যাতে কর্মকর্তাবৃন্দ তাদের দাপ্তরিক কার্যাদি সম্পাদনের পাশাপাশি মোবাইল ফোনেই তাদের সন্তানকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারেন। পাশাপাশি, পিকেএসএফ ভবনে নারীদের ওয়াশরুমে প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সহায়ক কর্মপরিবেশ বজায় রাখতে পিকেএসএফ-এ কর্মরত পুরুষদের সক্রিয় ভূমিকারও তিনি প্রশংসা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক একিউএম গোলাম মাওলা। সভায় পিকেএসএফ-এর সকল স্তরে কর্মরত নারীরা অংশগ্রহণ করেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে প্রাণোচ্ছ্বল পরিবেশে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। তারা পিকেএসএফ-এ সহায়ক কর্মপরিবেশ বজায় রাখার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পুরুষ সহকর্মীদের প্রশংসা করে ধন্যবাদ জানান।
আজকালের খবর /আরএম