আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দৌলতপুরসহ কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার বিভিন্ন নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর-এর অধীনে ১৮টি জেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার ১১টি উপজেলায় অবস্থিত ৬টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করছে। এসব এলাকায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে ১৫ প্লাটুনের বেশি বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
বিশেষভাবে দৌলতপুর উপজেলায় সীমান্ত রক্ষায় নিয়োজিত সদস্যদের বাইরে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা দায়িত্ব পালন করছে। দুর্গম সীমান্ত চরাঞ্চলে মোটরসাইকেল টহল ও নৌপথে স্পিডবোট ব্যবহারের মাধ্যমে আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে।
নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্টে ডগ স্কোয়াড, এপিসি যান, ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। গত ২ ফেব্রুয়ারি দৌলতপুর বেইজ ক্যাম্পের অভিযানে একজন চোরাকারবারী আটকসহ বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
কাওছার/আজকালের খরর