শুক্রবার ৮ মে ২০২৬
বিএনপির গণমিছিল শুরু
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৩:৫৫ পিএম  আপডেট: ৩০.১২.২০২২ ৩:৫৮ পিএম  (ভিজিট : ২৩৩)
রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারবিরোধী দলগুলোর প্রথম যুগপৎ আন্দোলন কর্মসূচি ‘গণমিছিল’। মিছিলটি কাকরাইল, মালিবাগ, মৌচাক মোড় হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণমিছিলে অংশ নেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কোরআন তেলোয়াতের করেন ওলামা দলের নেতা মাওলানা আলমগীর হোসেন। 

এদিকে এ গণমিছিল ঘিরে নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন বিএনপির হাজারও নেতাকর্মী। তাদের অবস্থানের কারণে এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরান পল্টন পর্যন্ত জায়গায় জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় পুলিশের এপিসি গাড়িকেও টহল দিতে দেখা গেছে এসব এলাকায়।

বিএনপির গণমিছিল ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা বলয় রেখেছি যাতে জনগণের ভোগান্তি না হয়।  

তিনি আরও বলেন, জনদুর্ভোগ যাতে না হয়, সে লক্ষ্যে আমরা ঢাকা শহরে পুলিশ মোতায়েন করেছি। আগামীকাল থার্টি ফার্স্ট নাইট আর আজ রাজনৈতিক বিভিন্ন দলের কর্মসূচি রয়েছে। সেই বিবেচনায় অন্য কোনো ঘটনা যেন না ঘটতে পারে সেই লক্ষ্যে আমরা পুলিশ মোতায়েন করেছি।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft