বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলে দলটিকে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন তিন সদস্যের এক প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের এটিই প্রথম সফর।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অংশ নেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব
আসিফ মাহমুদ জানান, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, “মার্কিন রাষ্ট্রদূত আমাদের আশ্বস্ত করেছেন যে সংস্কারের বিষয়গুলো নিয়ে তারা বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করবেন।”
বৈঠকে অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বাক্ষরিত বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে পূর্বে কোনো রাজনৈতিক আলোচনার সুযোগ না থাকায় অসন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, চুক্তির সিদ্ধান্ত নিয়ে আরও আগে থেকে আলোচনার প্রয়োজন ছিল। সরকারের দায়িত্ব ছাড়ার দুই মাস পর চুক্তিটি সম্পাদিত হলেও, এর কার্যকরের মাধ্যমে বাংলাদেশ কীভাবে সর্বোচ্চ লাভবান হতে পারে সে বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
এছাড়া বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় অনুযায়ী নতুন বাংলাদেশ গঠন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়।