ফিফা বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। দেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও বাংলাদেশের ফুটবলের প্রতি সমর্থন জানাতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
অপোর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং কোটি মানুষের আবেগের নাম। বিশ্বকাপ এলে দেশের অলিগলি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চায়ের আড্ডা থেকে শুরু করে ঘরোয়া পরিবেশেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিশ্ব ফুটবলের বড় তারকাদের পাশাপাশি দেশের ফুটবলপ্রেমীদের কাছে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নেতৃত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে বিবেচিত।
প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে শক্তিশালী উপস্থিতি ও স্থানীয় উৎপাদন কার্যক্রমের মাধ্যমে তারা দেশের মানুষ, তাদের স্বপ্ন এবং ফুটবলের প্রতি ভালোবাসার সঙ্গে যুক্ত থাকতে চায়। জামাল ভূঁইয়ার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে শুধু বিশ্বকাপের উন্মাদনাই নয়, বাংলাদেশের ফুটবল ও জাতীয় দলের অধিনায়ককেও সম্মান জানানো হচ্ছে।
বিশ্বকাপ উদযাপনকে আরও আকর্ষণীয় করতে অপো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফিফা ম্যাচ প্রদর্শনী ক্যাম্পেইনের আয়োজন করেছে। ‘কোন বিশ্ববিদ্যালয় পাবে জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ?’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের পক্ষে ভোট দিতে আহ্বান জানানো হয়েছে।
সবচেয়ে বেশি সমর্থন পাওয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অপো বাংলাদেশের অনুমোদিত একমাত্র পরিবেশকের মহাব্যবস্থাপক ডেমন ইয়াং বলেন, ফুটবল এমন একটি খেলা যা সীমান্ত পেরিয়ে মানুষকে একত্রিত করে। প্রতিটি দেশেরই নিজস্ব ফুটবল নায়ক রয়েছে। বাংলাদেশের ফুটবলকে সমর্থন করতে পেরে এবং দেশের কোটি মানুষের ফুটবলপ্রেম উদযাপন করতে পেরে অপো গর্বিত। জামাল ভূঁইয়ার সঙ্গে এই অংশীদারিত্ব এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের উন্মাদনার আরও কাছাকাছি নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, দেশের প্রতিনিধিত্ব করা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানের বিষয়। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা অসাধারণ। এই আবেগের অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং বিজয়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল উপভোগ করার অপেক্ষায় রয়েছেন।
অপোর ভাষ্য, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসবের সঙ্গে বাংলাদেশের নিজস্ব ফুটবল নায়ককে যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের ফুটবল, স্থানীয় প্রতিভা এবং ফুটবলপ্রেমীদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজকালের খবর/এমকে