মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
'কোনো দলকে শিরোপার দাবিদার বলা যাচ্ছে না'
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৪০ এএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ১০:৪২ এএম  (ভিজিট : ১৭)
চলমান বিশ্বকাপের নকআউট পর্বে একের পর এক অঘটনের পর কোনো দলকেই শিরোপার স্পষ্ট দাবিদার হিসেবে দেখছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের আসরে সব দলই সমান চ্যালেঞ্জের মুখে পড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় ডালাসে শেষ ষোলোয় মিশরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, অতীতের অনেক বিশ্বকাপের মতো এবার কোনো দল ধারাবাহিকভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। তাই নির্দিষ্ট কোনো দলকে শিরোপার ফেবারিট বলা কঠিন।

স্কালোনির এই মূল্যায়নের পেছনে রয়েছে চলতি আসরের একাধিক অপ্রত্যাশিত ফল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করলেও রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়ে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

শুধু আর্জেন্টিনাই নয়, অন্য শীর্ষ দলগুলোকেও কঠিন লড়াই করতে হয়েছে। গত দুই বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স প্যারাগুয়েকে হারিয়েছে পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে। স্পেনও পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে যোগ করা সময়ে। অন্যদিকে টানা দুই দিনে বিদায় নিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। এর আগে রাউন্ড অব ৩২ থেকেই ছিটকে যায় জার্মানি ও নেদারল্যান্ডস। আর প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়ে গ্রুপ পর্বই পেরোতে পারেনি।

এসব উদাহরণ তুলে ধরে স্কালোনি বলেন, আগে কয়েকটি দলকে সহজেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করা যেত। কিন্তু এবার চার-পাঁচটি দল কাগজে-কলমে ফেবারিট হলেও তারা প্রত্যাশিত মানের ফুটবল এখনো খেলতে পারেনি।

এ পরিস্থিতির পেছনে কয়েকটি কারণও তুলে ধরেন আর্জেন্টিনা কোচ। তার মতে, দীর্ঘ ক্লাব মৌসুমের কারণে খেলোয়াড়দের শরীরে ক্লান্তি জমে আছে। পাশাপাশি দীর্ঘ ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং ঘাসের মানও পারফরম্যান্সে প্রভাব ফেলছে। ফলে দলগুলোর জন্য নিজেদের সেরা ফুটবল উপহার দেওয়া কঠিন হয়ে উঠেছে।

তবে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। চারটি ম্যাচেই জয়কে ইতিবাচক হিসেবে দেখলেও তিনি বলেন, শুধু জয়েই সন্তুষ্ট থাকার সুযোগ নেই। নকআউট পর্বে সামান্য ভুলও বড় মূল্য ডেকে আনতে পারে। তাই প্রতিটি ম্যাচের পর উন্নতির জায়গাগুলো চিহ্নিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft