বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমন্বয়হীনতা, দায়িত্বের ওভারল্যাপ এবং অস্পষ্ট প্রক্রিয়া দূর করতে বড় ধরনের সংস্কারে যাচ্ছে মালয়েশিয়া সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি কর্মী ব্যবস্থাপনার কেন্দ্রীয় ওয়ান-স্টপ সেন্টার (ওএসসি) পুরোপুরি মানবসম্পদ মন্ত্রণালয়ের (এমওএইচআর) অধীনে পরিচালিত হবে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) পার্লামেন্টে অনুষ্ঠিত বিদেশি কর্মী বিষয়ক বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আহমদ জাহিদ বলেন, বিদেশি কর্মী ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো বিদেশি কর্মী ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশাসনভিত্তিক করা। একই সঙ্গে শিল্পখাতের প্রকৃত চাহিদা, জাতীয় নিরাপত্তা এবং স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে।
সরকারি এই পুনর্গঠনের অংশ হিসেবে বিদেশি কর্মী তদারকির সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ মন্ত্রিসভা কমিটির সদস্যসংখ্যা ও কার্যপরিধিও (টার্মস অফ রেফারেন্স) পুনর্নির্ধারণ করা হবে।
উপপ্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অর্থনৈতিক খাতের বাস্তব ও যাচাইকৃত শ্রমশক্তির চাহিদার ভিত্তিতে জাতীয় জনশক্তি প্রয়োজনীয়তা নতুন করে মূল্যায়ন করা হবে। অর্থাৎ, প্রতিটি খাতের প্রকৃত প্রয়োজন বিবেচনায় নিয়েই ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগের নীতি নির্ধারণ করা হবে।
একই সঙ্গে সরকার দীর্ঘমেয়াদে স্বল্পদক্ষ বিদেশি শ্রমিকের ওপর মালয়েশিয়ার অতিনির্ভরশীলতা কমানোর লক্ষ্যে অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনাও এগিয়ে নিয়ে যাচ্ছে।
আহমদ জাহিদ বলেন, ব্যবসায়ী মহল ও সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই যে, বিদেশি কর্মী ব্যবস্থাপনায় যেসব নতুন নীতি ও সংস্কার আনা হবে, সেগুলো জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেই বাস্তবায়ন করা হবে।
আজকালের খবর/এমকে