নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, অপতৎপরতা ও ষড়যন্ত্রমূলক রাজনীতির প্রতিবাদের দাবিতে গাজীপুর মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর সদর মেট্রো থানা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় মহানগরীর রাজবাড়ি রোড এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী জুলাই মঞ্চে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন এবং সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আসলাম মিয়াসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা বলেন, সম্প্রতি যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে বলে তারা জেনেছেন, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ অতীতের মতো ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।
পরবর্তী সভায় আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং যেকোনো অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। সমাবেশ থেকে আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকবে।
আজকালের খবর/ এমকে