বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে চতুর্থ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে ১৭তম গোল করলেন তিনি। ৩৮ মিনিটে প্রতি আক্রমণে আলমাদা বল নিয়ে ফাইনাল থার্ডে ঢুকে যান। তিনি বাঁ দিকে মেদিনাকে বল দেন। তিনি মাঝখানে ক্রস করেন। মেসি বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন।
এর আগে, অবশ্য ম্যাচের শুরুর দিকে পেনাল্টি মিস করেন মেসি। এটি তাঁর ক্যারিয়ারের ৩৩তম পেনাল্টি মিস। টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। বিশ্বকাপে এতোদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দু’টি পেনাল্টি মিস করেছিলেন মেসি।
অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি একার দখলে নিলেন ২০২২ সালের বিশ্বকাপ জয়ী। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড এবং এবার অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন মেসি। প্রথম দু‘বার গোলকিপার তাঁর শট ঠেকান। এবার তিনি মেরেছেন পোস্টের বাইরে।
আজকালের খবর/মেসি