মঙ্গলবার ২৩ জুন ২০২৬
গ্রিক সাইপ্রাসে দুই সপ্তাহ ধরে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমন, পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগ
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ১০)
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র গ্রিক সাইপ্রাসে প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সাহরুয়ার আহমেদ ইমন (২২) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী। এ ঘটনায় তার পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তিদের পক্ষ থেকে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে, যা নিখোঁজের ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে।

নিখোঁজ ইমন নরসিংদীর রায়পুরা উপজেলার বাখরনগর এলাকার নাসির মিয়ার ছেলে। গত ১২ জুন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমনের পরিবারের কাছে অপহরণকারীদের পরিচয়ে একাধিক বার্তা পাঠানো হয়েছে। এসব বার্তায় মোট ৩৫ হাজার ইউরো মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে ১০ হাজার ইউরো এবং পরে আরও ২৫ হাজার ইউরো দাবি করা হয়েছে বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি স্ক্রিনশটও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে বার্তাগুলোর সত্যতা ও প্রকৃত উৎস এখনও তদন্ত করছে পুলিশ।

পুলিশের তদন্তে জানা গেছে, ইমনের মোবাইল ফোনের সর্বশেষ সিগন্যাল সাইপ্রাসের কোফিনু এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সাইপ্রাস পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং অন্যান্য ডিজিটাল আলামত বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন এলাকায় অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইমনের রুমমেট ও সহপাঠী মোয়াজ্জেম হোসেন জানান, “ওইদিন ইমন নতুন চাকরির খবর জানায় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। রাত ১০টা ৪০ মিনিটে ইমনের বাবা ফোন করে জানান, ইমনের হোয়াটসঅ্যাপ থেকে বার্তা পাঠিয়ে বলা হয়েছে— ছেলেকে জীবিত ফেরত পেতে হলে ১৪ জুনের মধ্যে ৩৫ হাজার ইউরো পাঠাতে হবে।”

তিনি আরও বলেন, “ঘটনার পর আমরা থানায় অভিযোগ করি। অভিযোগ পাওয়ার পর পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত শুরু করে। এ সময় মুক্তিপণ দাবিকারীরা বারবার হুমকি ও বার্তা পাঠাতে থাকে। পুলিশ ও সিআইডি ইমনের পরিচিতজনদের জিজ্ঞাসাবাদ করেছে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত ও লোকেশন বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।”

এদিকে, ইমনের পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত তাকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধারে সাইপ্রাসের আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

নিখোঁজের দুই সপ্তাহ পার হলেও ইমনের কোনো সন্ধান না মেলায় বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতেও উদ্বেগ বাড়ছে। তার দ্রুত সন্ধান এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবার, স্বজন ও প্রবাসীরা সবার সহযোগিতা কামনা করেছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft