মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের মতামত গ্রহণের লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ ও সেবার মানোন্নয়নে হাইকমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সহকারী মো. ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ও মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম এবং প্রবাসী অধিকার পরিষদের প্রতিনিধি মো. দুলাল আল মাইজভান্ডারী।
এছাড়াও মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাধারণ প্রবাসী এবং প্রবাসী সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় প্রবাসীদের কর্মসংস্থান, বৈধতা-সংক্রান্ত জটিলতা, কনস্যুলার সেবা, পাসপোর্ট নবায়ন, শ্রম অধিকার, সেবাপ্রাপ্তি এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং হাইকমিশনের পক্ষ থেকে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনের এ ধরনের সরাসরি মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আজকালের খবর/ এমকে