প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করা, বিভিন্ন সঞ্চয় স্কিম এবং সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার মেলাকায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এনবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি.-এর স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মেলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মী ও কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন এনবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মুর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান।
এছাড়া দূতালয় প্রধান, কাউন্সেলর (শ্রম), কাউন্সেলর (কনস্যুলার), প্রথম সচিব (বাণিজ্যিক), প্রথম সচিব (প্রেস) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক সভায় অতিথিদের পাশাপাশি প্রবাসী কর্মী ও বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও বক্তব্য দেন। বক্তারা দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে বৈধ পথে অর্থ পাঠানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হুন্ডিসহ অবৈধ লেনদেন ব্যবস্থার ঝুঁকি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয় এবং ব্যাংক ও অনুমোদিত মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাঠানোর বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি প্রবাসীদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি সরকারি ও বেসরকারি ব্যাংকের বিভিন্ন প্রবাসীবান্ধব সঞ্চয় প্রকল্প এবং সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি প্রবাসীদের এসব সঞ্চয় ও পেনশন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন মতামত, অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় হাইকমিশনার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে অগ্রণী মানি ট্রান্সফার, সিবিএল মানি ট্রান্সফার এবং এনবিএল মানি ট্রান্সফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিচালিত ৩৬টি শাখার মাধ্যমে এসব প্রতিষ্ঠান প্রবাসীদের নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য রেমিট্যান্স সেবা প্রদান করছে।
আজকালের খবর/ এমকে