পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন। তিনি ছিলেন এ দেশের উন্নয়নের রূপকার। দেশের জন্য তাঁর অবদান বলে শেষ করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রোববার ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ করার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নের হাল ধরেন। তাঁর ইন্তেকালের পর জনগণ আবার বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতা-মাতার মতোই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন।
দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের সর্ববৃহৎ দল হিসেবে বিএনপিতে প্রতিযোগিতা থাকবে। তবে তা যেন শত্রুতায় রূপ না নেয়। তিনি আরও বলেন, এলাকার যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে তিনি কাজ করছেন। পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান করা হবে।
মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা এখন সারাদেশের। বিগত সরকার সবদিক থেকে সমাজকে কলুষিত করে গেছে। এজন্য মা-বাবার পাশাপাশি শিক্ষক ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরও ভূমিকা রাখতে হবে। আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, সরকার তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করেছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ ঘটবে।
সোনাগাজী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন। পরে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
আজকালের খবর/কবির