ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতার বাইরে থাকা ব্যক্তিদের গ্রেফতার করে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর হাতে তুলে দেওয়া হবে।
শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের ১৪ মে এ সংক্রান্ত একটি নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারকে পাঠিয়েছিল। তবে আগের সরকার সেটি কার্যকর করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আইনটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফের সঙ্গে সমন্বয় আরও বাড়ানো হবে। এ লক্ষ্যে সীমান্তবর্তী থানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি দাবি করেন, সিএএ আইনে অন্তর্ভুক্ত সাতটি সম্প্রদায়ের যেসব মানুষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের পুলিশি ব্যবস্থা নেওয়া হবে না। তবে আইনের আওতার বাইরে থাকা ব্যক্তিদের “অবৈধ অনুপ্রবেশকারী” হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হবে এবং পরবর্তীতে বিএসএফের মাধ্যমে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রাজ্যের পুলিশ মহাপরিদর্শক (ডিজি) ও মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক গেজেট বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা সেই আশঙ্কায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে নির্দিষ্ট শর্তে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। এরপর অভিবাসন ও বিদেশি আইনের ৩৩ ধারার আওতায় কেন্দ্রীয় সরকার বিশেষ ক্ষমতা প্রয়োগের সুযোগ পায়।
আজকালের খবর/ এমকে